বাসাইল (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের বাসাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যার অভিযোগ উঠেছে। এসময় ঘরের ভেতরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়। অভিযোগের তীর উঠেছে ধানের চারা রোপন করতে আনা অজ্ঞাত দুই শ্রমিকের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার হাবলা ইউনিয়নের ঘোষাখালী গ্রামে তাদের নিজ ঘর থেকে লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- ওই গ্রামের মোতাহার সিকদার ওরফে ঠান্ডু (৭৫) ও তার স্ত্রী রেজিয়া বেগম (৬৫)।

নিহতের নাতি শাকিল সিকদার বলেন, ‘গত রবিবার কৃষি জমিতে ধানের চারা রোপন করার জন্য শরিফ ও সুমন নামের অজ্ঞাত দুইজন শ্রমিক আনা হয়। আমার দাদার পায়ে প্রচন্ড ব্যথা ছিল। পরে শ্রমিকরা পায়ে ব্যথা ভালো করার জন্য দাদাকে কবিরাজী ওষুধ খেতে দেয়। গতরাতে দাদার ঘরের বারান্দায় শ্রমিকদের ঘুমানোর জন্য জায়গা দেওয়া হয়। আর দাদা ও দাদি ঘরের ভেতরে ঘুমান। রাতের কোনো এক সময় ঘরের টিন কেটে ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে শ্রমিকরা। এসময় দাদা ও দাদিকে স্বাসরোধ করে হত্যার পর নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে পালিয়ে যায় শ্রমিকরা। পরে সকালে তাদের দুইজনকে উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া : কুষ্টিয়া মডেল থানা থেকে লুট হওয়া ৫৫টি আগ্নেয়াস্ত্রের এখনো ১৭টি অস্ত্রের সন্ধান মেলেনি। এ নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়া মডেল থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্রের সবগুলো এখনো উদ্ধার না হওয়ায় ভোটের পরিবেশ প্রভাবিত হওয়ার আশঙ্কা করছেন প্রার্থী ও ভোটাররা।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়া মডেল থানা থেকে ৫৫টি আগ্নেয়াস্ত্র লুট হয়। এর মধ্যে ৩৮টি উদ্ধার হলেও এখনো ১৭টি অস্ত্রের সন্ধান মেলেনি। গুলির সঠিক হিসাবও পাওয়া যায়নি।

তবে লূট হওয়া অস্ত্রের মধ্যে কুষ্টিয়া মডেল থানা পুলিশ এর বিশেষ অভিযানে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর সকালে কুষ্টিয়া মডেল থানাধীন কুষ্টিয়া টু ত্রিমোহনী গামী পাকা রাস্তার পাশে জুগিয়া পানি উন্নয়ন বোর্ড অফিসের বিপরীত দিকে দৈনিক সাগরখালী পত্রিকা অফিসের সামনে থেকে উদ্ধার করা হয়। সেখানে থাকা সিমেন্টের তৈরি রিং এর মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় কাঠের বাট বিহীন ০১ টি চায়না রাইফেল উদ্ধার করে। যার ফায়ার ম্যাকানিজম, ম্যাগাজিন ও অস্ত্রের বডি পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে সে সময় জানান পুলিশ।

এ ছাড়াও কুষ্টিয়া শহরের কামরুজ্জান শিশু পার্কের পাশের ড্রেন থেকে( ৫ ডিসেম্বর ২০২৪) ময়লা পরিস্কার করতে গিয়ে একটি অস্ত্র পায় পরিছন্ন কর্মীরা। সেটি লুট হওয়া অস্ত্র বলে নিশ্চিত করেন পুলিশ। লুট হওয়া অস্ত্র গুলো এখনোও উদ্ধার করা সম্ভব হয়নি।

চাটখিল (নোয়াখালী): নোয়াখালীর চাটখিলে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেলোয়ার হোসেনের ছেলে মো. নাঈম ইসলাম (৩২) নামে এক সন্ত্রাসীকে দুই রাউন্ড তাজা গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামে দেলোয়ার হোসেনের ঘরে এ অভিযান পরিচালনা করা হয়।

সূত্র জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩৫ এসটি ব্যাটালিয়ন চাটখিল পাঁচগাঁও ক্যাম্পের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। বিএ-৮১৪১ লেফটেন্যান্ট কর্নেল মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, পিএসসি’র প্রত্যক্ষ নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা চাটখিল পৌরসভার ৩নং ওয়ার্ডের সুন্দরপুর গ্রামের দেলোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালায়।

অভিযান চলাকালীন দেলোয়ার হোসেনের ছেলে নাঈম ইসলামকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ২ রাউন্ড তাজা গুলি (৭.৬২ মি.মি.) উদ্ধার করা হয়।

পিরোজপুর সংবাদদাতা: পিরোজপুরের কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত রবিবার (২৫ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী সেনাবাহিনী ক্যাম্পের ইনচার্জ মেজর এস এম খালেদুল ইসলামের নেতৃত্বে চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানকালে ক্যাপ্টেন রাশাদ এবং কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াকুব হোসেন উপস্থিত ছিলেন।এ সময় একাধিক মামলার আসামি মাদক ব্যবসায়ী আরিফুল ইসলাম বাবুকে গ্রেফতার করে যৌথ বাহিনী। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আরিফুল ইসলাম বাবু উপজেলার পারসাতুরিয়া গ্রামের শাহ আলম আকনের পুত্র।

ঈদগাঁও (কক্সবাজার): কক্সবাজার সদরের খরুলিয়া নয়াপাড়ায় অভিযান চালিয়ে মাদক সম্রাজ্ঞী শামসুন্নাহার ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শনিবার গভীর রাতে এ অভিযান চালানো হয়। রোববার সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নয়াপাড়া ও ডেইঙ্গাপাড়ায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচটি দেশীয় অস্ত্র, ৬২১টি ইয়াবা বড়ি, নগদ ১৩ লাখ ২ হাজার ৫২০ টাকা, প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, তিনটি ফাঁকা চেক, ছয়টি অ্যান্ড্রয়েড মুঠোফোন, দুটি বাটন ফোন, ১২টি ফাঁকা স্ট্যাম্প এবং সন্দেহজনক লেনদেন সংক্রান্ত কিছু নথি জব্দ করা হয়। নথিতে প্রায় ১১ কোটি টাকার লেনদেনের তথ্য থাকার দাবি করা হয়েছে বিজ্ঞপ্তিতে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

গৌরনদী (বরিশাল): জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপক্ষ করার লক্ষে বিশেষ অভিযানে গৌরনদী আর্মি ক্যাম্প বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করে।

সম্প্রতি সেনাবাহিনীর একটি টিম গৌরনদী পৌরসভার কসবা এলাকায় অভিযান চালিয়ে, শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রায়হান (৩৭) কে এয়ারগানের ১৮০ রাউন্ড গুলি ও ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ বিভিন্ন ধরনের দেশীয় ধারালো অস্ত্র সহ গ্রেপ্তার করে।

গৌরনদী মডেল থানা ওসি তারিক হাসান রাসেল জানান, গ্রেফতারকৃত রায়হানের বিরুদ্ধে থানায় অস্ত্র ও মাদকদ্রব্য আইনে ৫ টি মামলা রয়েছে, এ ঘটনায় মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার গ্রেপ্তারকৃত মোঃ রায়হানকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সাভার : সাভারের বিরুলিয়া এলাকায় রাতের আধারে একটি আঞ্চলিক সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। এসময় একটি প্রাইভেট কারের চালক গাড়ি না থামিয়ে ঝুঁকি নিয়েই গাড়িটি নিয়ে নিরাপদে সড়ে যাওয়ার চেষ্টা করায় পেছন দিক থেকে হামলা চালিয়ে গাড়িটিও ভাংচুর করে ডাকাতরা।

সম্প্রতি রাত ৩টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের রাজাশন-বিরুলিয়া সড়কের কালিয়াকৈর বড়ঢালে এই ঘটনা ঘটে। ইতোমধ্যে প্রাইভেট কারের ড্যাশ ক্যামেরায় রেকর্ড হওয়া ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

এবিষয়ে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আল আমীন বলেন, ঘটনাস্থল থেকে ৫০০ গজ দূরত্বেই আমরা টহলে ছিলাম। হঠাৎ লক্ষ্য করি সড়কে যানবাহনের ফ্লো থেমে গেছে। বিষয়টি বুঝতে ওই স্পটে এগিয়ে গিয়ে দেখি গাছের ডাল ফেলে গাড়ি আটকে দেওয়া হয়েছে। এসময় দ্রুত বাশি বাজানোর পাশাপাশি দুর্বৃত্তদের ধরার চেষ্টা করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।