বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বরিশাল অঞ্চলের উপজেলা আমির ও সেক্রেটারিদের নিয়ে বরিশাল নগরীতে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় নগরীর লুৎফর রহমান আলিম ক্যাডেট মাদরাসায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি ও অঞ্চল পরিচালক এডভোকেট মোয়াযযেম হোসাইন হেলাল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডা. মুহাম্মদ আব্দুস সামাদ মাদানী পবিত্র কুরআনের দারস পেশ করেন। সম্মেলনে বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, ভোলা ও বরিশাল মহানগরীর আওতাধীন বিভিন্ন উপজেলা ও থানার বার্ষিক রিপোর্ট পেশ ও পর্যালোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ.টি.এম মা’ছুম বলেন, বর্তমান সরকার জনগণের ভোট ও আন্দোলনের চেতনাকে অবজ্ঞা করছে। তিনি বলেন, এ ধারা অব্যাহত থাকলে জনগণ সরকারের ওপর আস্থা হারাবে এবং প্রয়োজনে আবারও আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলবে। তিনি আরও বলেন, দেশ পরিচালনায় উপজেলা পর্যায়ের সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে দাবি আদায় সম্ভব না হলে রাজপথে আন্দোলন গড়ে তোলার কথাও উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বলেন, সরকার কোনো গঠনমূলক কাজ করলে জামায়াতে ইসলামী তা সমর্থন করবে, তবে অন্যায়, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে কোনো আপস করা হবে না।
সম্মেলনে সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক এডভোকেট মুয়াযযেম হোসাইন হেলাল বলেন, গত নির্বাচনে জনগণ আমাদের ভোট দিয়েছে কিন্তু ভোটের ফল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জামায়াতে ইসলামিকে পরাজিত করা হয়েছে। এর ফলে জামায়াত ৭৭ টি আসন নিয়ে একটি বিরোধী দল গঠন করেছে। আমরা আশা করি এই কয়টি আসন নিয়েই আমরা সংসদে শক্তিশালী ভূমিকা পালন করতে পারবো।
সম্মেলনটি পরিচালনা করেন অঞ্চল টিম সদস্য ফখরুদ্দিন খান রাজি। এতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা জহির উদ্দিন মোহাম্মদ বাবর, বরিশাল জেলা আমির মাওলানা আব্দুল জব্বার, ভোলা জেলা আমির মাস্টার মো. জাকির হোসেন, পটুয়াখালী জেলা আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, ঝালকাঠি জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, পিরোজপুর জেলা আমির অধ্যক্ষ মো. তোফাজ্জল হোসেন এবং বরগুনা জেলা আমির মাওলানা মো. মহিবুল্লাহ হারুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।