পার্বতীপুরে প্রশাসনের পক্ষ থেকে আটক শ্রমিকদের মুক্তির আশ্বাসের পরিপ্রেক্ষিতে দীর্ঘ ১০ ঘণ্টা পর রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন তাদের অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে। রোববার সন্ধ্যা ৬টার দিকে শ্রমিক নেতৃবৃন্দ এই ঘোষণা দেন। এর ফলে উত্তরবঙ্গের ৮ জেলায় পুনরায় জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে।

প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে উত্তরের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ শুরু করেছেন তারা।

রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান জানান, জেল-হাজতে পাঠানো তিন শ্রমিককে মুক্তি দেয়া এবং নীলফামারীর এনডিসি নিয়াজ ভুইয়াকে অপসারণের আশ্বাস দিয়েছে প্রশাসন। এর ভিত্তিতে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। সন্ধ্যা থেকেই ট্যাংকলরির স্লিপ দেয়া শুরু হয়েছে। এতে করে উত্তরের ৮টি জেলায় জ্বালানী তের সরবরাহ শুরু হয়ে গেল।

জানা গেছে, বিকালে পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজু, ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নব কুমার বিশ্বাস শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। আলোচনায় তিনি আগামীকাল সোমবারের মধ্যে তিনি শ্রমিককে জামিনের ব্যবস্থা করার আশ্বাস দেন। একইসঙ্গে নীলফামারীর এনডিসির অপসারণের বিষয়টিও বিবেচনায় নেয়ার আশ্বাস দেয়া হয়। এরই প্রেক্ষিতে ট্যাংক লরি শ্রমিকরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করে নেন।

এর আগে রোববার সকাল থেকে তেল পরিবহনের কাজে নিয়োজিত ট্যাংকলরি চালকসহ তিন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানার প্রতিবাদে রংপুর বিভাগের ৮ জেলায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। এতে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে উত্তরের ৮টি জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে যায়।

শ্রমিকরা জানায়, জ্বালানি তেল নিয়ে নীলফামারীর যাওয়ার পথে তেলবাহী একটি লরির যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। মেরামত করতে গাড়িটি থামিয়ে শ্রমিকরা গাড়ির কেবিন খুলে কাজ করছিলেন। এ সময় নীলফামারী জেলার এনডিসি নিয়াজ ভূইয়া রাস্তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি লরি তল্লাশি করে কেবিনে ১০ লিটার পেট্রোল ও দুই লিটার ডিজেল পান। এ সময় অবৈধভাবে তেল পাচারের অভিযোগে একরামুল হক, চালক শ্রী কৃষ্ণচন্দ্র এবং চালক সহকারী রিফাতকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন। সেই সঙ্গে তিনজনকে মোট এক লাখ টাকা জরিমানা করেন। এ ঘটনার প্রতিবাদে রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। দুপুরে তারা পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর সামনে একটি সমাবেশ করেন ও পরে বিক্ষোভ মিছিল করে।

এ সময় শ্রমিকরা জানায়, সড়কে মহসড়কে পুলিশি হয়রানি ও অযৌক্তিকভাবে ট্যাংকলরি গাড়ির চালক, ম্যানেজার ও হেলপারকে জেল-জরিমানা করার প্রতিবাদে নিয়াজ ভুইয়াকে দ্রুত অপসারণ ও দণ্ডিত শ্রমিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে এ কর্মসূচি চলছে। দাবি বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ না করা হলে এ কর্মসূচি অব্যাহত থাকবে।