স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
গাজীপুরের টঙ্গীর ৪৮ নং ওয়ার্ডে শিশুদের জন্য একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে, যেখানে এলাকার শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মানবিক এ উদ্যোগটি স্থানীয় অভিভাবকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
রবিবার সকাল ১০টায় ধুমকেতু উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবুল কালাম আজাদ মোল্লার তত্ত্বাবধানে এ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে নবজাতক ও শিশু বিশেষজ্ঞ ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. আতিকুর রহমান শিশুদের চিকিৎসা সেবা প্রদান করেন।
আয়োজক আবুল কালাম আজাদ মোল্লা বলেন, দেশে হামের প্রাদুর্ভাবের কারণে শিশুদের স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পেয়েছে। তাই ৪৮ নং ওয়ার্ডের শিশুদের নিরাপদ রাখতে এবং অভিভাবকদের মধ্যে সচেতনতা তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, অতীতেও তিনি এ ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছেন এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, নির্বাচিত হলে ওয়ার্ডে একটি স্থায়ী ক্লিনিক প্রতিষ্ঠার মাধ্যমে সাধারণ মানুষের জন্য নিয়মিত বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় অভিভাবকরা এ উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক হিসেবে অভিহিত করে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের আহ্বান জানান।