আমীর হামজা, খোকসা (কুষ্টিয়া) সংবাদদাতাঃ কুষ্টিয়ার খোকসা উপজেলার তামিম ইসলামিক ইন্টারন্যাশন্যাল স্কুল এন্ড মাদ্রাসায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে মেধা ফলাফল ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ১০টায় প্রতিষ্ঠানের নিজস্ব প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা সরকারি কলেজ-এর বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ওয়াজেদ বাঙালি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাবেক প্রিন্সিপাল হাফেজ সাদ্দাম হোসেন, মাহবুব খান শুভ এবং হাফেজ রাসেল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান পরিচালক মোঃ আশরাফুল ইসলাম। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হাফেজ মাওলানা বরাত ইব্রাহিমী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও শিক্ষার্থীদের মনোজ্ঞ পরিবেশনার মধ্য দিয়ে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। পরে গত বছরের বার্ষিক পরীক্ষার মেধা ফলাফলের ভিত্তিতে প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

একইসঙ্গে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের সাফল্যে উৎসাহ দিতে বিজয়ী শিক্ষার্থীদের সম্মানিত অভিভাবকদেরও বিশেষ সম্মাননা প্রদান করা হয়, যা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।

এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।