গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ডেমরপাড়া এলাকার উত্তর ডেমরপাড়া চিলাই বিল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির খণ্ডিত মানব পা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ও উদ্বেগ দেখা দিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৮ মার্চ) বিকেলে খবর পাওয়া যায় যে, পূবাইল থানার ডেমরপাড়া এলাকার উত্তর ডেমরপাড়া বিলের ধানক্ষেতের আইলের ওপর একটি মানবদেহের খণ্ডিত অংশ পড়ে আছে। খবর পেয়ে পূবাইল থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌঁছায়।
পরে থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের উপস্থিতিতে অজ্ঞাতনামা ব্যক্তির ডান পায়ের হাঁটুর নিচের বিচ্ছিন্ন অংশ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া পাটি সংরক্ষণ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে। পরিচয় শনাক্তের জন্য ডেমরপাড়া, চিলাই বিলসহ আশপাশের এলাকায় খোঁজখবর চালানো হলেও এখন পর্যন্ত কোনো পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে খণ্ডিত মানব পাটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো শেয়াল-কুকুর অন্য কোথাও থেকে পাটি টেনে এনে বিল এলাকায় ফেলতে পারে। উদ্ধার হওয়া অংশটি সংরক্ষণ করে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।