যশোর-খুলনা মহাসড়কের চাউলিয়া তেল পাম্প এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে যশোর সদর উপজেলার চাউলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে যশোরগামী একটি কাভার্ড ভ্যান চাউলিয়া তেল পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যানবাহন ও একটি ইজিবাইকের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান। আহতদের উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন, ঘুনি পূর্বপাড়া এলাকার মৃত হাসান আলী মোল্লার ছেলে ও ইজিবাইক চালক মোহাম্মদ আইয়ুব আলী (৪৩), ঘোড়াগাছা সাহাপাড়া এলাকার সুজন সাহার স্ত্রী বৃষ্টি সাহা (২৪) এবং চাউলিয়া বয়সী এক শিশু ও মনিরামপুর উপজেলার মোহনপুর এলাকার সাজ্জাদ হোসেন (২৮) গুরুতর আহত হয়েছেন। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, আহত শিশুটির অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার ও দুর্ঘটনাকবলিত যানবাহন সরানোর কাজ পরিচালনা করেন। এতে কিছু সময়ের জন্য মহাসড়কের যান চলাচল ব্যাহত হয়। পরে যানবাহন সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যশোর-খুলনা মহাসড়কে দীর্ঘদিন ধরেই বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করছে। বিশেষ করে ভারী যানবাহনের অতিরিক্ত গতি ও অসতর্ক চালনার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। তারা মহাসড়কে কঠোর নজরদারি, গতিনিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একটি অসতর্ক মুহূর্ত যেন কেড়ে নিল তিনটি প্রাণ, আর স্বজনদের রেখে গেল আজীবনের শোক ও কান্নায় ভারী স্মৃতি।