নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডায় ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে শ্রমিকদলের বিক্ষোভে অংশগ্রহণ করায় বাঙ্গড্ডা ইউনিয়ন শ্রমিকদল অর্থ সম্পাদক মোহাম্মদ ইউনুস মিয়ার বাড়িসহ ৪ বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী-সহ ৭০-৮০জন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকালে উপজেলার গান্ধাছি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। সম্প্রতি বাঙ্গড্ডা ইউনিয়নে ছাত্রলীগের তৎপরতার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে বাঙ্গড্ডা বাজারে উপজেলা শ্রমিকদলের বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করায় এ হামলার ঘটনা ঘটেছে বলে দাবি ভুক্তভোগী শ্রমিকদল নেতা ইউনুস মিয়ার। খবর পেয়ে শুক্রবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন নাঙ্গলকোট থানা পুলিশ অফিসার মেহেদি হাসান সঙ্গীয় ফোর্স। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে বলে দাবি স্থানীয়দের।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, বাঙ্গড্ডা ইউনিয়ন শ্রমিকদল অর্থ সম্পাদক ইউনুস মিয়ার বাড়িতে বৃহস্পতিবার বিকালে ব্যাপক ভাঙচুর করা হয় এবং ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাটের ঘটনা ঘটে। একই সময়ে হামলাকারীরা একই বাড়ির আব্দুল মজিদ, মনজুমা বেগম ও শেফালি বেগমের ঘরেও হামলা ভাঙচুর ও লুটপাট করা হয়।

ভুক্তভোগী ইউনিয়ন শ্রমিকদল অর্থ সম্পাদক ইউনুস মিয়া বলেন, গত বুধবার ইফতারের পর এলাকায় ছাত্রলীগের একটি মিছিল বের হয়। পরদিন বৃহস্পতিবার শ্রমিকদলের পক্ষ থেকে আমরা প্রতিবাদ মিছিল করি। এর জের ধরে আমাদের বাড়িতে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী, খোরশেদ আলম, সোহাগ বেপারী, রফিকুল ইসলাম, শাহীন আলম, একরামুল হক, শাহরিয়া, খলিলুর রহমান ও মিলনসহ ৭০-৮০ জন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালিয় ভাঙচুর ও লুটপাট চালায়। তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে এবং স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।