সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে জঙ্গলের ভেতর থেকে ৯৫ বস্তা চাল উদ্ধার করেছে।
গত ১৫ মার্চ সন্ধ্যা ৬টা ২০ মিনিট থেকে আড়াই ঘন্টায় কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা বাজারের পুরাতন গুদামের পেছনের জঙ্গলে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৯২ বস্তা ইন্টেক চাল ও ৩ বস্তা খোলা চালসহ মোট ৯৫ বস্তা চাল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বস্তাগুলো দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের চাল।
অভিযান শেষে চালগুলোর কোনো মালিকানা পাওয়া না যাওয়ায় বিষয়টি নথিভুক্ত করার জন্য কাজিপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
উদ্ধারকৃত চালগুলো উপজেলা খাদ্য গুদামে সংরক্ষণ করা হয়েছে এবং ওসি এলএসডি ওলিউর রহমানের জিম্মায় রাখা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী এসব চাল উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হবে।
প্রশাসনের এমন অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং খাদ্যবান্ধব কর্মসূচির চালের অনিয়ম রোধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।