ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা: পিরোজপুরের জিয়ানগর উপজেলার চন্ডিপুর ইউনিয়ন-এ অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি ইন্দুরকানী থানার এসআই ইসমাইলের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চন্ডিপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে কলারণ গ্রামের নজরুল খলিফার ছেলে ও চন্ডিপুর কেসি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট টেকনোলজি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মো. সিফাত ইসলাম (১৯), নুর মোহাম্মদের ছেলে মো. নাঈম (২২) এবং মোনাঈম খানের ছেলে ফেরদৌস খান (২০) কে গ্রেফতার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় নাঈমের বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় নাঈমের কাছ থেকে ৮ পিস, সিফাত ইসলামের কাছ থেকে ২ পিস এবং ফেরদৌস খানের কাছ থেকে ২ পিসসহ মোট ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।