চট্টগ্রাম নগরীতে প্রকাশ্যে লাঠিপেটা করে এক সিএনজিচালিত অটোরিকশা চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। কথা কাটাকাটির জেরে এই হত্যাকা- সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার রাতে নগরীর বায়েজিদ বোস্তামি থানার আমিন জুট মিল এলাকার মিদ্যাপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলম (৪০) বায়েজিদ বোস্তামি থানার রউফাবাদ এলাকার বাসিন্দা এবং পেশায় সিএনজি অটোরিকশা চালক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, তিনজন যুবক লাঠি দিয়ে খোরশেদ আলমকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যাকা-ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সামশুল আলম নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। বায়েজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির জানান, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে-তিনজন একযোগে খোরশেদ আলমকে লাঠি দিয়ে মারধর শুরু করে। একপর্যায়ে তিনি পালানোর চেষ্টা করলে সামশুল আলম তাকে ধরে ফেলেন। এরপর মাথায় আঘাতসহ আবারও বেধড়ক মারধর করা হয়।