গাজীপুরের কাপাসিয়া উপজেলায় গভীর রাতে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে ঘোড়া জবাইয়ের ঘটনা উদ্ঘাটিত হয়েছে। শুক্রবার দিবাগত মধ্যরাতে কাপাসিয়ার দূর্গাপুর ইউনিয়নের কামড়ামাশক এলাকায় পরিত্যক্ত একটি গরুর খামারে অভিযান চালিয়ে প্রশাসন ৮টি ঘোড়ার জবাই করা মাংস ও ১১টি জীবিত ঘোড়া উদ্ধার করে। অভিযানের সময় ঘটনাস্থল থেকে ঘোড়া জবাই ও মাংস ব্যবসার সঙ্গে জড়িত চক্রের মূল হোতারা পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, মধ্যরাতে এক ঘোড়া ব্যবসায়ী ও তার সহযোগীরা বেশ কয়েকটি ঘোড়া নিয়ে এসে ওই পরিত্যক্ত খামারে রাখে। অস্বাভাবিক শব্দ ও সন্দেহজনক তৎপরতা লক্ষ্য করে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তরা পালিয়ে গেলেও অভিযান চালিয়ে জবাই করা মাংস ও জীবিত ঘোড়াগুলো উদ্ধার করা সম্ভব হয়।
এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি, মো. শাহিনুর আলম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।