মোংলা সংবাদদাতা: মোংলা পোর্ট পৌরসভার মাদ্রাসা রোড এলাকায় একটি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানের দরজা ঝালাই করে সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন স্থানীয় মুসল্লিরা। জুমার নামাজ শেষে পৌরসভার আলিয়া মাদরাসা রোড এলাকায় অবস্থিত সরোয়ার হোসেনের মালিকানাধীন দোকানটির সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, সামাজিক ও ধর্মীয় পরিবেশ রক্ষার স্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে, যা এলাকাবাসীর একটি বড় অংশ ইতিবাচক হিসেবে দেখছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজ শেষে আলিয়া মাদরাসা জামে মসজিদ প্রাঙ্গণে মুসল্লিরা একটি বৈঠকে মিলিত হন। বৈঠকে উপস্থিতরা আসন্ন রমযান মাসকে সামনে রেখে দোকানটি সাময়িকভাবে বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেন। পরে তারা দোকানের সামনে গিয়ে দরজায় ঝালাই করে সেটি বন্ধ করে দেন।

স্থানীয় মুসল্লি আলী আজম বলেন, রমযান শুরুর আগে দোকানটি কিছুদিনের জন্য বন্ধ রাখার অনুরোধ জানিয়ে মালিককে একাধিকবার বলা হয়েছিল। কিন্তু অনুরোধে সাড়া না পাওয়ায় তারা এই উদ্যোগ নিতে বাধ্য হন। তার মতে, এলাকার ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এটি সময়োপযোগী পদক্ষেপ।

মোংলা পৌরসভার সাবেক মেয়র মো. জুলফিকার আলী জানান, দোকানটির নিকটেই একটি মাদরাসা ও একটি মসজিদ রয়েছে। অভিযোগ রয়েছে, কিছু ব্যক্তি সেখানে বসে মদ্যপান করে প্রায়ই বিশৃঙ্খলা সৃষ্টি করতেন। বিষয়টি প্রশাসনকে একাধিকবার জানানো হলেও দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ তৈরি হয় এবং শেষ পর্যন্ত মুসল্লিরা উদ্যোগী হন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর একটি অংশ সামাজিক পরিবেশ রক্ষার লক্ষ্যে নেওয়া এ উদ্যোগকে প্রশংসনীয় বলেই অভিহিত করছেন।