কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের হিজলাকর গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক সংগঠন পর্যায়ে অবহিতকরণ, পরিকল্পনা প্রণয়ন ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল ২টা থেকে শুরু হওয়া এ কর্মশালায় সদকী ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষক ও কৃষাণীরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় কুমারখালী উপজেলা কৃষি অফিসার মোঃ রাইসুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ শওকত হোসেন ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ কাওসার আলী এবং উপ-সহকারী কৃষি অফিসার শচীন্দ্রনাথ বিশ্বাস।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমারখালী উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আলমগীর হোসেন। কর্মশালার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুর রহিম।

কর্মশালায় বক্তারা আধুনিক কৃষি ব্যবস্থা বাস্তবায়ন, উচ্চ ফলনশীল সবজি চাষ, মাটির গুণগত মান উন্নয়ন, বাৎসরিক কৃষি পরিকল্পনা প্রণয়ন, সবজি ও ফসল সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে রাসায়নিক সার কম ব্যবহার করে পরিবেশবান্ধব উপায়ে ফসল উৎপাদনের মাধ্যমে কৃষিপণ্যের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, টেকসই কৃষি উন্নয়নের মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে লাভবান করা সম্ভব এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের কর্মশালা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।