সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার সারিয়াকান্দিতে পাখি ধরতে গিয়ে বিষধর সাপের কামড়ে জিহান (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার জোড়গাছা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিহান গাবতলী উপজেলার বালিয়াদিঘী গ্রামের টুলুর ছেলে। সে গত মঙ্গলবার নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে জিহান সবার অগোচরে বাড়ির পাশে বাঙালি নদীর তীরে গর্তে পাখি ধরতে যায়। এসময় গর্তে থাকা একটি বিষধর গোখরা সাপ তাকে কামড় দেয়। গুরুতর অবস্থায় সে বাড়িতে ফিরে এলে স্বজনরা তাকে দ্রুত জোড়গাছা বাজারের এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পর স্থানীয়রা নদীর তীরে তল্লাশি চালিয়ে ওঝার সহায়তায় গর্তে লুকিয়ে থাকা ঘাতক গোখরা সাপটিকে ধরে মেরে ফেলে। ওইদিন বিকেলেই জিহানের মরদেহ গাবতলীতে তার নিজ গ্রামে নিয়ে যাওয়া হয় এবং সেখানে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীরা জানান, গ্রামাঞ্চলে বিশেষ করে নদীর তীরবর্তী এলাকায় ঝোপঝাড় পরিষ্কার রাখা এবং শিশুদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়া প্রয়োজন। এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।