‘মাতৃদুগ্ধ শিশুর অধিকার, মায়ের স্নেহের উপহার’এ প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়া সরকারি হাসপাতালের আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে । এ উপলক্ষে সোমবার (৩ আগস্ট) সকালে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ জায়নুল আবেদীন।
এসময় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার, চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ, স্বাস্থ্যকর্মীসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা- মূল বিষয়বস্তু মায়ের দুধের অপরিহার্যতা; শিশুর শারীরিক ও মানসিক বিকাশে মায়ের দুধের কোনো বিকল্প নেই উল্লেখ করে জন্মের পরপরই প্রথম এক ঘণ্টার মধ্যে শালদুধ খাওয়ানোর তাগিদ দেন।
এছাড়া শিশুর বয়স প্রথম ৬ মাস পূর্ণ না হওয়া পর্যন্ত এক ফোঁটা পানিও না দিয়ে কেবল মাতৃদুগ্ধ পান করানোর ওপর জোর তাগিদ দেওয়া হয়। ছয় মাস বয়স পূর্ণ হওয়ার পর মায়ের দুধের পাশাপাশি উপযুক্ত পরিপূরক খাবার যুক্ত করে দুই বছর বা তার বেশি সময় পর্যন্ত মাতৃদুগ্ধ পান অব্যাহত রাখার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রে কর্মজীবী মায়েদের জন্য মাতৃদুগ্ধ পানের নিরাপদ ও সহায়ক পরিবেশ সৃষ্টির আহ্বান জানানো হয়।