রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আটঘরিয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে আপন দুই ভাইয়ের বসতবাড়ি মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের লেলিহান শিখায় তিনটি বসতঘর ও একটি রান্নাঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে পরিবার দুটি নিঃস্ব হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, সোমবার (২ মার্চ) দুপুর আনুমানিক ১২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে একটি ঘরে আগুন লাগে, পরে তা দ্রুত পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত আব্দুস সামাদ ম-ল ও আব্দুল জামাত ম-লের পরিবারের দাবি, আগুনে প্রায় ৪ লাখ টাকা নগদ অর্থ, স্বর্ণালংকার, মূল্যবান আসবাবপত্র এবং ঘরের চালসহ প্রয়োজনীয় সবকিছু পুড়ে গেছে।

খবর পেয়ে রায়গঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টানা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের টিম লিডার রফিকুল ইসলাম বলেন, “দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে আগুন পাশের বাড়িতে ছড়িয়ে পড়া থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।”

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সর্বস্ব হারানো পরিবার দুটি দ্রুত সরকারি সহায়তা ও মানবিক সহযোগিতা কামনা করেছে।