গাজীপুর-এ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা করতে গিয়ে কড্ডা গ্রিড উপকেন্দ্রের পাশের এলাকায় মাটির নিচ থেকে খুঁটিতে উঠে আসা আন্ডারগ্রাউন্ড কেবলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে গুরুত্বপূর্ণ আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ কেবল পুড়ে যাওয়ায় ঘটনাস্থলসংলগ্ন মহানগরের কোনাবাড়ী এলাকার পুরো অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে রাতভর চরম ভোগান্তিতে পড়েন বাসিন্দা, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা। প্রায় ১১ ঘণ্টা পর শুক্রবার দুপুর আড়াইটার দিকে বিকল্প পথে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। কোনাবাড়ী মডার্ন ফায়ার স্টেশনের কর্মকর্তা, মোঃ সাইফুল ইসলাম ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে কড্ডা গ্রিড উপকেন্দ্রের অদূরে ব্রিজসংলগ্ন এলাকায় মাটির নিচ থেকে খুঁটিতে উঠে আসা কেবলে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। কোনাবাড়ী পল্লী বিদ্যুতের ডিজিএম, মোঃ শফিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ আন্ডারগ্রাউন্ড কেবল ক্ষতিগ্রস্ত হওয়ায় নিরাপত্তাজনিত কারণে বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ রাখতে হয়। বিকল্প লাইনে সংযোগ দিয়ে শুক্রবার দুপুর আড়াইটার দিকে সরবরাহ চালু করা হলেও ক্ষতিগ্রস্ত অংশ পুরোপুরি মেরামতে আরও সময় লাগবে। গ্রাহকদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট টিম নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।
এদিকে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম, মোঃ জসিমের ধারণা, চোরচক্র বিদ্যুতের তার কাটার সময় শর্ট সার্কিট হয়ে স্পার্কিংয়ের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তর কাজ করছে বলে জানা গেছে।