হাটহাজারী সংবাদদাতা : চট্টগ্রামের হালদা নদী থেকে নিখোঁজ এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মোকামিপাড়া ছায়ারচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম মোহাম্মদ সাব্বির। তিনি রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মইশকরম গ্রামের বাসিন্দা আবদুল মান্নানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে পার্শ্ববর্তী হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের রামদাস মুন্সির হাট এলাকায় একটি ওরশ অনুষ্ঠান শেষে সাব্বির কয়েকজন বন্ধুকে নিয়ে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। এর আগে ওরশ মেলায় দুই দল যুবকের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়ার ঘটনা ঘটে। একপর্যায়ে রাতের মধ্যে নদীপথে ফেরার সময় একটি দল নৌকায় উঠে অপর দলের ওপর হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় তিনজন নদীতে পড়ে যান। তাঁদের মধ্যে দুজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সাব্বির নিখোঁজ হন। সঙ্গে থাকা যুবকদের দাবি, হামলার সময় তাঁর মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়েছিল।

হালদা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ রমজান আলী জানান, খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। মঙ্গলবার সকালে নদীতে ভাসমান অবস্থায় সাব্বিরের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রামদাস মুন্সির হাটের ওরসে দুই পক্ষের বিরোধের জেরেই এই হামলার ঘটনা ঘটে। মধ্যরাতে নৌকায় রাউজানের পথে ফেরার সময় প্রতিপক্ষ নৌকায় উঠে হামলা চালায়। এতে তিনজন নদীতে পড়ে যান। দুইজন প্রাণে বাঁচলেও সাব্বির আর ফিরে আসেননি।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।