সাতকানিয়া সংবাদদাতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, দেশের চিকিৎসা ব্যবস্থায় হোমিওপ্যাথিক চিকিৎসার অবদান অবিস্মরণীয়। আধুনিক চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি হোমিওপ্যাথি দীর্ঘদিন ধরে স্বল্প ব্যয়ে, কার্যকর ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন চিকিৎসাসেবা দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। এই চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, প্রসার এবং মানোন্নয়নে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি গতকাল শনিবার দুপুরে

হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কারক ডা. স্যামুয়েল হ্যানিম্যানের ২৭১তম জন্মবার্ষিকী ও বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লোহাগাড়া হোমিওপ্যাথিক পেশাজীবী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব ডা. মোহাম্মদ আবেদুর রহমানের সভাপতিত্বে এবং ডা. আকতার হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন হোমিওপ্যাথিক বোর্ডের সাবেক বিভাগীয় সদস্য ডা. সালেহ আহমদ সুলেমান।

শাহজাহান চৌধুরী বলেন, হোমিওপ্যাথি শুধু একটি চিকিৎসা পদ্ধতি নয়, এটি মানবসেবার এক মহৎ মাধ্যম। ডা. স্যামুয়েল হ্যানিম্যানের আবিষ্কৃত এই চিকিৎসা পদ্ধতি আজ বিশ্বের কোটি কোটি মানুষের সুস্থতার আশ্রয়স্থল। বিশেষ করে গ্রামীণ জনপদে হোমিওপ্যাথিক চিকিৎসা সাধারণ মানুষের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে। তিনি আরও বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রশিক্ষণ, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং সরকারি পৃষ্ঠপোষকতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক হতে হবে। দেশের প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত হোমিওপ্যাথিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণের বিকল্প নেই।

শাহজাহান চৌধুরী বলেন, একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনে চিকিৎসকদের ভূমিকা অপরিসীম। হোমিওপ্যাথিক চিকিৎসকরাও নিষ্ঠা, সততা ও মানবিকতা দিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় অবদান রেখে চলেছেন। ভবিষ্যতেও তাঁরা জাতির কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।