হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ইছাপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে ইছাপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান। অভিযানে বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়।
অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, বিক্রয় রশিদ সংরক্ষণ না রাখা এবং দোকানের মালামাল ফুটপাতে রেখে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। দ-প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—মেসার্স খাজা স্টোর, মেসার্স মদিনা স্টোর, সুলতান স্টোর, গাজী স্টোর ও জাহান ক্রোকারিজ; সকলের ঠিকানা ইছাপুর বাজার, হাটহাজারী।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় তাদের মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট সূত্র জানায়, জনস্বার্থ ও বাজারে শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।