চট্টগ্রাম মহানগরী ১১ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টা ৩০ মিনিটে দেওয়ানবাজারস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, শহীদ শরিফ ওসমান হাদীসহ জুলাই আন্দোলনের সকল শহীদের হত্যাকারীরা আজও বিচারের বাইরে রয়ে গেছে। এই নির্মম হত্যাকা- জাতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। অবিলম্বে সুষ্ঠু বিচার নিশ্চিত করে খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে শহীদদের আত্মা শান্তি পাবে না এবং জাতি কখনো দায়মুক্ত হতে পারে না।
তিনি আরও বলেন, শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে জুলাই সনদকে অবশ্যই আইনি মর্যাদা দিতে হবে। এটি কোনো দলীয় বিষয় নয়, বরং জাতির অস্তিত্ব ও ভবিষ্যতের প্রশ্ন। জনগণের প্রত্যক্ষ মতামতের মাধ্যমে গণভোট আয়োজন করে জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে হবে। জনগণের রায়ে প্রতিষ্ঠিত আইনই পারে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের ভিত্তি সুদৃঢ় করতে।
মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, এগার দলীয় ঐক্য একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং ফ্যাসিবাদ বিরোধী চব্বিশের জুলাই যোদ্ধাকে এক কাতারে শামিল করে দিয়েছে। আমরাই বাংলাদেশ। ঐক্যবদ্ধ বাংলাদেশের বিজয় সুনিশ্চিত ইনশা-আল্লাহ্।
তিনি আরও বলেন, ইনসাফের বাংলাদেশ গড়তে হলে বিভক্তির রাজনীতি পরিহার করে নির্বাচনী ঐক্যকে শক্তিশালী করতে হবে। এগার দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীরা জনগণের অধিকার, ন্যায়বিচার ও সুশাসনের পক্ষে কাজ করবে। তাই তিনি আসন্ন নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থীদের বিজয় নিশ্চিত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।