স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির নেতৃত্বে একটি বিশাল গণমিছিল ও নির্বাচনী শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে মহানগরীর ভাওয়াল রাজবাড়ী মাঠ থেকে শুরু হওয়া এই মিছিলটি মহানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে গাজীপুর-২ আসনের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন। রাজবাড়ী মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি জয়দেবপুর বাজার ও বাসস্ট্যান্ড এলাকা অতিক্রম করে শিববাড়ী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে এম. মঞ্জুরুল করিম রনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য দেশের মানুষ দীর্ঘ ১৬ বছর অপেক্ষা করেছে এবং নানা নির্যাতন সহ্য করেছে। তিনি বলেন, আসন্ন নির্বাচনে একটি পক্ষ অবৈধ প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারে, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, গাজীপুরের মানুষ এবার ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপির ধানের শীষ প্রতীককে গাজীপুরবাসী আগের মতোই বিপুল ব্যবধানে বিজয়ী করবে।