আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. মিজানুর রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় ডা. মিজানুর রহমান বলেন, আগামী ১২ তারিখ আপনারা দাঁড়িপাল্লা প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত করেন, আমি আমার হাত দিয়ে একটি পয়সাও দুর্নীতি করব না, এ নিশ্চয়তা দিতে পারি। যুবকদের হাতে অস্ত্র ও মাদক তুলে দেওয়া হয়েছে। আমি অস্ত্র ও মাদক দূর করে আমি তাদের কাজে লাগাতে চাই। তিনটি উপজেলায় তিনটি স্টুডিয়াম করতে চাই। হাসপাতালগুলোতে চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করব। এছাড়াও তিনি বিভিন্ন প্রতিশ্রুতি প্রদান করেন।

জনসভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ইয়াহহিয়া খালেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আবুবকর, শিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ও সাবেক রাবি সভাপতি আব্দুল মোহাইমিন, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল ও জামায়াত ও এনসিপির জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।