তিতাস(কুমিল্লা)সংবাদদাতা
গত শনিবার নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। কুমিল্লার তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিনকে মব বা জনরোষ সৃষ্টি হওয়ার আগেই অন্যত্র বদলি হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। গত শনিবার সন্ধ্যায় উপজেলার কলাকান্দি এলাকায় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সেলিম ভূঁইয়া অভিযোগ করেন, ইউএনও তাদের সঙ্গে ‘বিমাতাসুলভ আচরণ’ করেছেন এবং নেতাকর্মীদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগও পাওয়া গেছে।
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন থেকে বিএনপি মনোনীত এমপি সেলিম ভূঁইয়া ভিডিওতে বলেন, ‘নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকে একদিনও আমি তিতাস ইউএনও সুমাইয়া মমিনের সঙ্গে কথা বলিনি, তার প্রমাণও নাই । জনগণের সঙ্গে এমন আচরণকারীর বিষয়ে আমি জানি কী পদক্ষেপ নিতে হবে। আমি আশা করি স্বসম্মানে তিনি দ্রুত অন্যত্র বদলি হয়ে চলে যাবেন। কারণ, তিনি সঠিক আচরণ জানেন না। আমি তাকে সতর্ক করেছি যে, যদি কোনো মব বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তার জন্য তিনিই দায়ী থাকবেন।’
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূঁইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, হোমনা উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, তিতাস উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিন সরকার প্রমুখ।