স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গাজীপুরে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন, শ্রদ্ধা নিবেদন ও দেশাত্মবোধক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নুরুল করিম ভূঁইয়া শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, গাজীপুর সিটি করপোরেশন, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, গাজীপুর প্রেস ক্লাব,জেলা পরিষদ, শিল্প পুলিশসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠন পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়।

দিবসটি উপলক্ষে দুপুরে বঙ্গতাজ অডিটোরিয়ামে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ নুরুল করিম ভূঁইয়া। উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, জেলা পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন, উপ-পরিচালক (স্থানীয় সরকার) আহাম্মদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শাহরিয়ার নজিরসহ মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান করা হয়।

একই সঙ্গে গাজীপুরের বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানেও দিবসটি উদযাপিত হয়েছে নানা আয়োজনে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া ও সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামানের নেতৃত্বে আয়োজিত এসব কর্মসূচিতে বিজ্ঞানী ও কর্মকর্তারা অংশ নেন এবং দেশের অগ্রযাত্রায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে মহাপরিচালক ড. মুহাম্মদ আতাউর রহমানের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন, গার্ড অব অনার এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন গবেষণা কেন্দ্রের পরিচালক, বিজ্ঞানী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় প্রো-ভিসি, ট্রেজারারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তিনি স্বাধীনতার চেতনায় বৈষম্যহীন সমাজ গঠনের আহ্বান জানান।

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ভিসি অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীনের নেতৃত্বে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও প্রার্থনার মাধ্যমে দিবসটি উদযাপিত হয়।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে র‍্যালি, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বক্তারা স্বাধীনতার চেতনায় দেশপ্রেম ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

সার্বিকভাবে দিনব্যাপী নানা আয়োজন, শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এক অনন্য আবহে উদযাপিত হয়েছে।