বহুল আলোচিত মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ বা এমটিএফইয়ের প্রতারণার মাধ্যমে বিদেশে পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনতে পেরেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে এখন ওই টাকা গ্রাহকদের হাতে ফেরত দেয়া কঠিন বলে মনে করেছেন সিআইডির একজন কর্মকর্তা।
টাকা ফেরত আনার বিষয়ে জানাতে গতকাল সোমবার রাজধানীতে এক সাংবাদিক সম্মেলনে কথা বলেন সিআইডির সাইবার পুলিশ সেন্টারের ডিআইজি মো. আবুল বাশার তালুকদার। তিনি বলেন, টাকা এখন সিআইডির অ্যাকাউন্টে রয়েছে। তবে দেশে ফিরিয়ে আনা গেলেও তা গ্রাহকদের কাছে ফিরিয়ে দেওয়া অনেক কঠিন। এখানে আইনের অনেক মারপ্যাঁচ আছে। আদালতের অনুমোদন লাগবে, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে। এই প্রসেসগুলো আসলেই জটিল। কাজেই এ প্রসেসগুলোতে না ঢুকতে চাইলে দেশবাসীকে অনুরোধ জানাচ্ছি আপনারা কেউ এই ধরনের প্লাটফর্মে ইনভেস্ট করবেন না।
এক প্রশ্নের জবাবে সিআইডি কর্মকর্তা বলেন, এগুলো ফরেন অ্যাপ। আমাদের দেশের মানুষকে তারা বিভিন্নভাবে এনগেজ করছে। দেশে এদের কোনো এজেন্ট আছে কিনা জানতে চাইলে ডিআইজি আবুল বাশার বলেন, সেটা তো অবশ্যই আছে। এরা গ্লোবালি কাজ করে। এদের হাজারটা এজেন্ট আছে। যেদিন আমরা এজেন্ট ধরে ফেলতে পারব, সেদিন তো মামলা ডিটেক্ট হয়ে গেল।