নরসিংদীর মাধবদীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের পর তার বাবার সামনে থেকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা, ঢাকায় ৬ বছর বয়সী শিশু তাহিয়াকে পাশবিক নির্যাতনের পর হত্যা এবং হাজারীবাগে এক স্কুলছাত্রীকে হত্যার লোমহর্ষক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।
গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম বলেন, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী কিশোরীকে ধর্ষণের পর তার পরিবার ন্যায়বিচারের দাবি জানালে সন্ত্রাসীরা বাবার সামনেই তাকে অপহরণ করে নিয়ে যায় এবং পরে নির্মমভাবে হত্যা করে। এই ঘটনা শুধু একটি পরিবারকে নয়, সমগ্র জাতিকে শোকাহত ও ক্ষুব্ধ করেছে।
নেতৃদ্বয় বলেন, বাবার সামনে থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে হত্যা করা চরম লোমহর্ষক, নৃশংস ও বর্বরোচিত অপরাধ। এটি আইনশৃঙ্খলার চরম অবক্ষয় এবং অপরাধীদের দুঃসাহসিকতার বহিঃপ্রকাশ। সাম্প্রতিক সময়ে সারাদেশে ধর্ষণ, গণধর্ষণ, নারী নির্যাতন, শিশু নিপীড়ন ও হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিচারহীনতার সংস্কৃতি ও প্রভাবশালীদের ছত্রছায়া এ ধরনের অপরাধকে উৎসাহিত করছে।
নেতৃদ্বয় আরও বলেন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।