বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় করা মামলায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমের জামিন মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর হাতিরঝিল থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে এ মামলা করা হয়। গতকাল বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালত এই আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী মো. আবদুর রাজ্জাক সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল দুপুরের দিকে আদালতে এনে হাজতখানায় রাখা হয় আসামী ছরওয়ারে আলমকে। বেলা তিনটার দিকে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার সালেহ আবু নাঈম তাকে কারাগারে রাখার আবেদন করেন।
আসামীপক্ষের আইনজীবী মো. আলমগীর আসামীর জামিন চেয়ে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, আসামীকে রাজনৈতিক প্রেক্ষাপটে আটক করা হয়েছে। আসামী ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। আসামী জামিন পেলে পলাতক হবেন না। যেকোনো শর্তে আসামীর জামিন আবেদন করছি।
বাদীপক্ষের আইনজীবী মো. আবদুর রাজ্জাকসহ অনেকেই তার জামিনের বিরোধিতা করে শুনানি করেন। শুনানিতে তারা বলেন, আসামীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তার মোবাইলের ফরেনসিক রিপোর্ট পাওয়া গেছে। নির্বাচনের আগে এ ধরনের কাজ করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছেন। আসামী জামিন পেলে পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে। এ জন্য আসামীর জামিন বাতিলের প্রার্থনা করছি।
এ সময় আসামীকে উদ্দেশ্য করে বিচারক বলেন, আপনি কি কিছু বলতে চান? তখন আসামী ছরওয়ারে আলম বলেন, আমি এ ধরনের কাজ করিনি। আমি কিছুই করেনি। তদন্ত কর্মকর্তাকে বারবার বলেছি। আমি তদন্ত কর্মকর্তাকে সব ধরনের সহযোগিতা করতে চেয়েছি। চাকরির শেষ বয়সে এসে আমি এসব কাজ করব কেন?
গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামের পূর্ব পাশের সরকারি কোয়ার্টার থেকে ছরওয়ারে আলমকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। জব্দ করা হয় তার মুঠোফোন ও ল্যাপটপ।
জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় পর হাতিরঝিল থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে একটি মামলা হয়। ওই মামলায় বুধবার রাতে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলমকে গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় বাদী হয়েছেন জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম।