রাজধানীতে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশে পরিত্যক্ত অবস্থায় ৬টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বেলা সাড়ে ১২ টার দিকে খবর পেয়ে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের ডান পাশে বাউন্ডারির ভেতর থেকে সাউন্ড গ্রেনেডগুলো উদ্ধারের কথা জানিয়েছেন শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান। পরে সেগুলো উদ্ধার করে সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে নিস্ক্রিয় করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের বোম্ব ডিসপোজাল ইউনিট।
ডিএমপি এক বিজ্ঞপ্তিতে বলেছে, দুপুরে পরিচ্ছন্নতা কর্মীরা সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশে ছয়টি সাউন্ড গ্রেনেড পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে। তবে সাউন্ড গ্রেনেডগুলো পুলিশের ব্যবহৃত কী না তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি।