ফরিদপুরে এক যুবক কর্তৃক তিনজনকে কুপিয়ে হত্যা এবং সারাদেশে বজ্রপাত ও সড়ক দুর্ঘটনায় নাগরিকদের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ, দুঃখ ও শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গতকাল মঙ্গলবার এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, ফরিদপুরে সদরের আলিয়াবাদ ইউনিয়নে এক যুবকের কোদালের কোপে নিজের দাদি, ফুপু ও এক প্রতিবেশী নৃশংসভাবে নিহত হওয়ার ঘটনা খুবই উদ্বেগজনক ও ভয়ংকর। আমি এই হত্যাকা-ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনার মধ্যদিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ ঘটেছে। হত্যার সাথে জড়িত যুবককে পুলিশ গ্রেফতার করলেও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি।

এডভোকেট জুবায়ের আরও বলেন, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই যুবক, নোয়াখালীর কবিরহাটে সড়ক দুর্ঘটনায় এক যুবক এবং চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় তিন বৌদ্ধ সন্ন্যাসী নিহতের ঘটনা ঘটেছে, যা অনাকাক্সিক্ষত ও বেদনাদায়ক। সারাদেশে সড়কে প্রাণহানির ঘটনাগুলো সড়কে অব্যবস্থাপনার চিত্রকে তুলে ধরছে। সরকারকে দুর্ঘটনায় প্রাণহানি ও সম্পদের ক্ষতি রোধে গাড়ির ফিটনেস পরীক্ষাসহ অবৈধ যানচলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে প্রত্যেকটি দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানাচ্ছি।

তিনি বলেন, মৌসুমি ঝড় ও আকস্মিক বজ্রপাতে নোয়াখালীর তিন উপজেলায় পৃথক বজ্রপাতে তিনজন এবং কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের চৌফলদন্ডী ব্রিজ এলাকায় একজন নিহত হয়েছেন, যা খুবই মর্মান্তিক ও হৃদয়বিদারক। প্রাকৃতিক দুর্যোগে এসব প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে ব্যথিত, শোকাহত এবং উদ্বেগ প্রকাশ করছি। মহান আল্লাহর কাছে নিহতদের উত্তম মর্যাদা কামনা করছি।

এডভোকেট জুবায়ের বলেন, মৌসুমি আবহাওয়ার কারণে গত কয়েকদিনে বজ্রপাতে দেশে বেশকিছু প্রাণহানির ঘটনা ঘটছে। এজন্য বৈরি আবহাওয়ার সময় নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি বৈরি পরিবেশে যথাযথ ব্যবস্থাসহ চলাচল নিশ্চিত করা এবং সরকারের উদ্যোগে সচেতনতামূলক প্রচারণা ও অধিক বজ্রপাতপ্রবণ এলাকা, বিশেষত বিস্তীর্ণ কৃষি কর্মক্ষেত্রে বজ্রপাত নিরোধক লাইটনিং এরেস্টার স্থাপন জরুরি হয়ে পড়েছে।

এডভোকেট জুবায়ের বলেন, প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা ও হত্যাকা-ে এসব মৃত্যু পরিবারগুলোর জন্য অপূরণীয় ক্ষতি। এজন্য পরিবারগুলোর প্রয়োজন অনুযায়ী মানবিক সহায়তা, ন্যায়বিচার নিশ্চিত এবং ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান নিশ্চিত করতে সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

ফরিদপুরে কোদাল দিয়ে কুপিয়ে ৩ জনকে হত্যা : ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নে এক যুবকের কোদালের কোপে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার রাত ৯টার দিকে ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের আজগর মোল্লার বাড়ির উঠানে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আকাশ (২৮) নামে এক যুবক হঠাৎ উত্তেজিত হয়ে বাড়ির উঠানে থাকা লোকজনের ওপর কোদাল দিয়ে হামলা চালায়। এলোপাতাড়ি কোপে ঘটনাস্থলেই রাহেলা বেগম (৫০), আমেনা বেগম (৭৫) ও কাবুল (৪৫) নিহত হন।

হামলায় রিয়াজ মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠিয়েছেন। ঘটনার পরপরই অভিযুক্ত আকাশ পালিয়ে যায়। খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনি প্রক্রিয়া শুরু করেছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত আকাশকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এই নৃশংস হত্যাকা-ের পর পুরো এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।