পঞ্চগড়ের দেবীগঞ্জে অবৈধভাবে খোলাবাজারে পেট্রোল বিক্রির সময় এক ব্যবসায়ীকে ৭ দিনের এবং চাঁদপুরে জ্বালানি তেলের অবৈধ মজুতের দায়ে দুই জনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

পঞ্চগড় সংবাদদাতা : পঞ্চগড়ের দেবীগঞ্জে খোলা বাজারে পেট্রোল বিক্রির দায়ে এক মোটরসাইকেল পার্টস ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদ- দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে দেবীগঞ্জ উপজেলা সদরে অভিযান পরিচালনা করে তাকে পেট্রোল বিক্রি করা অবস্থায় আটক করা হয়।

দেবীগঞ্জ উপজেলা সদরের দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনেখন্দকার মার্কেটে কেসব রায়ের (২৭) বিরুদ্ধে অবৈধভাবে খোলা বাজারে পেট্রোল বিক্রির অভিযোগ উঠার পরে সেখানে অভিযান চালানো হয়। সে সোনাহার ইউনিয়নের মল্লিকাদহ কুমারগারী এলাকার বাসিন্দা। সে সুভাষ রায়ের ছেলে।

কেশব রায় দোকান থেকে প্রতি লিটার পেট্রোল ২৫০ থেকে ৩শ টাকা দরে বিক্রি করছিল। অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি করার বিষয়ে ক্রেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর পর সেখানে অভিযান চালানো হয়।

পরে কেশব রায়কে অবৈধ ভাবে তেল মজুদ ও সংরক্ষণ করার অপরাধে ও আইন লংঘন করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা মতে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে জব্দ করা ২৭ লিটার পেট্রোল বিক্রির ৩ হাজার ১৩২ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক এ অভিযান পরিচালনা করেন। কারাদন্ড দেয়া কেশব রায়কে জেল হাজতে পাঠানো হয়েছে।

অভিযানের সময় দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক ও দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসের কর্মকর্তা কর্মচারী, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার রসাক জানান, খোলা বাজারে পেট্রোল বিক্রির দায়ে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদ- দেয়া হয়েছে। আমাদর এ ধরনের অভিযান চলমান থাকবে।

মতলব ( চাঁদপুর) সংবাদদাতা : চাঁদপুরে অবৈধভাবে জ্বালানি তেল সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে দুই ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদ- প্রদান করা হয়েছে।

গত সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি। অভিযানে নওরীন ফিলিং স্টেশনের মালিক মো. মিজানুর রহমান এবং পদ্মা ওয়েল কোম্পানির এজেন্ট ইমরান ট্রেডার্সের মালিক মো. মঞ্জুর হোসেন তালুকদারকে (আলিমপাড়া, সদর) অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রয়ের দায়ে আটক করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় তাদের প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদ- এবং ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি বলেন, জ্বালানি তেলের অবৈধ মজুত ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।