২৪ জুলাই গণআন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি ও দুজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার জন্য আজ বুধবার (৪ মার্চ) দিন ধার্য রয়েছে।

গত ১৫ ফেব্রুয়ারি বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায়ের এই তারিখ নির্ধারণ করেন। তবে, বুধবার রায় ঘোষণা না করতে আবেদন করেছে প্রসিকিউশন।

এক প্রসিকিউটর বলেন, গুলি করতে নির্দেশদাতা এক পুলিশ কর্মকর্তাকে কল রেকর্ড পাওয়ার পরও আসামি না করায় এ আবেদন করেছে প্রসিকিউশন।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ রায়ের এই দিন ঠিক করেছিলেন। যেখানে চব্বিশের গণ-আন্দোলন চলার সময় রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি ও দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার চলছিল।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানসহ এ মামলার আসামি পাঁচজন। তাদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চেয়ে গত ২৯ জানুয়ারি যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন।

মামলার পাঁচ আসামির মধ্যে গ্রেপ্তার আছেন একজন। তিনি হলেন, রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার।