নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নের অরণ্যপাশা গ্রামের সিএনজি চালক আবু কালাম (৩৫) এর হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানিয়েছেন নিহতের পরিবার, সহকর্মী সিএনজি চালকগণ সহ এলাকাবাসী। নান্দাইল চৌরাস্তা গোলচত্বর এলাকায় ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের মাধমে এ দাবি জানানো হয়।
মানববন্ধনকারীরা জানান, অরণ্যপাশা গ্রামের ঈদগাহ মাঠ সংলগ্ন বাড়ির সামনে সিএনজি গাড়ী রাখাকে কেন্দ্র করে চালক আবু কালামকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এসময় তাঁকে বাচাতে গেলে নিহতের ভাই আবু তাহের ও ভাতিজা সুমন মিয়াকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। বর্তমানে আহতরা সঙ্কটনাপন্ন অবস্থায় কিশোরগঞ্জ সদর ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় নিহতের ভাই ফারুক মিয়া বাদী হয়ে একই গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র আলআমিন, শামীম, রবিন, তুহিন এবং আলাল এর পুত্র আজিজ সহ ৯ জনের নাম উল্লেখ করে নান্দাইল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে এ নৃশংস হত্যাকান্ডের ৪ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ।