জিলাপিতে নিষিদ্ধ বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করায় মৌলভীবাজারের বেঙ্গল সুইট ফুড নামের একটি প্রতিষ্ঠানকে ১৬ লাখ টাকা জরিমানা করেছেন নিরাপদ খাদ্য আদালত। অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বুধবার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মৌলভীবাজার জেলা কার্যালয়ের কর্মকর্তা মো. শাকিব হোসাইন সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মৌলভীবাজার জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, বেঙ্গল সুইট ফুড এর জিলাপি তৈরিতে ল্যাবরেটরি পরীক্ষায় প্রতিষ্ঠানের উৎপাদিত জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ (সোডিয়াম হাইড্রো সালফাইড) শনাক্ত হয়। এ ঘটনায় গত বছরের ২৮ আগস্ট মৌলভীবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক দীপংকর ব্রহ্মচারী বাদী হয়ে বিশুদ্ধ খাদ্য আদালত, মৌলভীবাজারে মামলা দায়ের করেন। মামলার ধারাবাহিক শুনানি শেষে গত ২৩ ফেব্রুয়ারি আদালত নিরাপদ খাদ্য আইন-২০১৩-এর দুটি ধারায় অভিযুক্ত প্রতিষ্ঠানকে মোট ১৬ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। নিরাপদ খাদ্য কর্মকর্তা জানান হাইড্রোজ একটি বিষাক্ত রাসায়নিক দ্রব্য, যা খাদ্য উৎপাদনে ব্যবহার ‘খাদ্য-সংযোজন দ্রব্য ব্যবহার প্রবিধিমালা-২০১৭’ অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ এবং ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩’ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের রাসায়নিক মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। ভেজাল ও ক্ষতিকর উপাদান ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
ছুরিকাঘাতে কিশোর নিহত : মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দের জেরে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত কিশোরের নাম তারেক মিয়া। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন চন্দ্র সরকার জানান, বুধবার ২৫ ফেব্রুয়ারি বিকেলে রাজনগর সদর উপজেলার ঘরগাঁও গ্রামে কয়েকজন কিশোর মিলে ক্রিকেট খেলছিল। এ সময় ওই গ্রামের গাজি মিয়ার ছেলে নিহত তারেক মিয়ার সাথে তার প্রতিবেশি আতিক মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারেকের বুক, হাত ও পায়ের উরুতে ছুরিকাঘাত করে আতিক। গুরুতর আহত অবস্থায় তারেককে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।