রংপুরে অটোরিক্সা ছিনতাই করে চালককে হত্যা মামলায় ৪ আসামীর সশ্রম যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোহাম্মদ নাজির এ আদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন- জেলার মিঠাপুকুর উপজেলার রতিয়া পশ্চিমপাড়া গ্রামের শুক্কুর আলীর ছেলে শিমুল মিয়া, বাবুল মিয়ার ছেলে রাকিব মিয়া, রতিয়া মধ্যপাড়া গ্রামের হেলাল মিয়ার ছেলে শফিকুল ইসলাম ও পুটিমারী এলাকার সুমেল মিয়ার ছেলে হোসেন মিয়া। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। এ তথ্য নিশ্চিত করে রংপুর কোর্ট পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারী রাত ৮টার দিকে মিঠাপুকুর উপজেলার কুটিপাড়া গ্রামের শানেরপাড়া ব্রীজ এলাকায় আসামী শিমুল, শফিকুল ও হোসেন অটোরিকশা চালক রশিদ মিয়াকে আঘাত করলে তিনি মারা যান। এ সময় তারা অটোরিক্সাসহ নগদ ১ হাজার ৬৫০ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষ ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে চার আসামীকে সশ্রম যাবজ্জীবন কারাদন্ডসহ প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারী কৌশুলী আফতাব উদ্দিন বলেন, বাদি পক্ষ ন্যায় বিচার পেয়েছে। তারা আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছে। অপরদিকে আসামী পক্ষের আইনজীবী আব্দুর রশিদ চৌধুরী বলেন, এ বিষয়ে আসামী পক্ষের পরিবারের সাথে আলোচনা করে উচ্চ আদালতে আপীল করা হবে।