কুষ্টিয়ার কুমারখালীতে বিএনপির নির্বাচনী অফিসের পাশ থেকে ১০টি হাতবোমা ও ফেনীতে যুবদল নেতার খামার থেকে পিস্তলসহ ৪টি ম্যাগাজিন উদ্ধার এবং গাজীপুরের শ্রীপুরে নগদটাকাসহ বিএনপি ও শ্রমিক দলের ৩ নেতাকমীকে আটক করেছে যৌথবাহিনী।
কুমারখালী সংবাদদাতা জানান, কুষ্টিয়ার কুমারখালীতে লাল টেপ প্যাঁচানো অবস্থায় ১০টি হাতবোমাসদৃশ বস্তু উদ্ধার করেছেন যৌথ বাহিনী সদস্যরা। গতকাল বুধবার সকালে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিসের পাশে এগুলো পাওয়া যায়। বানিয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার হবে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্থানীয় রাজমিস্ত্রি মো. ফরিদ খান সকালে বানিয়াকান্দী সরকারি স্কুলসংলগ্ন বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিসের পাশে দুটি ব্যাগ মুখ বাঁধা অবস্থা পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি স্থানীয়দের জানান। স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, র্যাব সদস্যসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। পরে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে দুটি বাজারের ব্যাগ থেকে লাল টেপ প্যাঁচানো ৪টি বড় ও ৬টি ছোট আকারের বোমা বা ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়। পরীক্ষা-নিরীক্ষার জন্য এগুলো থানায় আনা হয়েছে।
এ বিষয়ে কুমারখালী সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর তারিক বলেন, এনএসআই গোয়েন্দাদের কাছে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে দুটি বাজারের ব্যাগে লাল টেপ প্যাঁচানো অবস্থায় ৯-১০টি ককটেলসদৃশ বস্তু পাওয়া গেছে। সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেগুলো অধিকতর পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ফেনী সংবাদদাতা জানান, ফেনীতে ১টি বিদেশী পিস্তল ্ও ৪ টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামের ডাক্তার সাহাব উদ্দিনের বাড়ি সংলগ্ন স্থানে যুবদল নেতা বদরুল আমীনের গরুর খামার থেকে সেনাবাহিনীর অভিযানে এ অস্ত্র উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, খামার মালিক বদর সদর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক দিদারুল আলমের প্রধান সহযোগি। গত দুইদিন যাবৎ দিদার আইনশৃঙ্খলা বাহিনী নজরদারিতে থাকায় অস্ত্রটি বদরের খামারে নিয়ে রাখে সে। ফেনীস্থ আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, গরুর খামার থেকে উদ্ধারকৃত পিস্তলসহ সামগ্রী ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।
ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, সেনাবাহিনীর অভিযানে পিস্তল উদ্ধারের ঘটনা শুনেছি। এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি।
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা জানান, গাজীপুরের শ্রীপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিএনপি ও সহযোগী সংগঠনের দুই নেতাসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিদেশী মদ, বিপুল পরিমাণ নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। গত মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী উপজেলার টেংরা রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার টেংরা এলাকার মুলাইদ গ্রামের মৃত আবুল কালামের ছেলে মোঃ জহিরুল ইসলাম পায়েল (৩৮)। তিনি তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর এলাকা মাওনা ৮ নম্বর ওয়ার্ডের জয়নালের ছেলে মোহাম্মদ রিয়েল হোসেন। তিনি শ্রমিকদল নেতা ও পেশায় ব্যবসায়ী। একই উপজেলার মাওনা বাজারের চকপাড়া এলাকার আব্দুল রুবেলের ছেলে মোহাম্মদ রুবেল। তিনি পেশায় গাড়িচালক।
অভিযানকালে তাদের কাছ থেকে বিদেশী মদ ২ বোতল, নগদ ৫,০০,০০০ (পাঁচ লাখ) টাকা এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয় বলে যৌথবাহিনী সূত্রে জানা গেছে। যৌথবাহিনী জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অবৈধ কার্যক্রম দমনে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এব্যাপারে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির আহমেদের সরকারি নম্বরে একাধিকবার মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।