গাজীপুরের কালীগঞ্জে দুই মাদকসেবীকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কালীগঞ্জ থানার মুনসুরপুর এলাকার বাচ্চু মিয়ার ছেলে আল আমিন মিয়া (৩৪) এবং একই এলাকার মৃত মাহিদ সিকদারের ছেলে আজিজুল সিকদার (৪৫)।

পুলিশ জানায়, শুক্রবার রাতে কালীগঞ্জ থানা পুলিশ মুনসুরপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দুই মাদকসেবীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে চার পুরিয়া হেরোইন জব্দ করা হয়। শনিবার সকালে গ্রেফতারকৃত দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের প্রত্যেককে পৃথকভাবে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। পরে পুলিশের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়।