ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা : সীমান্তে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইস্কাপ সিরাপ, গাঁজা এবং গরু আটক করা হয়েছে। গত ২০ ডিসেম্বর লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছেন।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান চোরাচালান ও মাদক বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভিন্ন ভিন্ন বিওপির বিশেষ টহলদল ৩টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইস্কাপ সিরাপ, গাঁজা এবং গরু জব্দ করেছে। চোরাচালান প্রতিরোধের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা ও মাদক বিরোধী অভিযানে বিজিবি’র দৃঢ় অবস্থানের প্রমাণ মিলেছে।
দাউদকান্দি (কুমিল্লা) : কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে ০২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।আটক মাদক ব্যবসায়ীর নাম মো. ইমন মিয়া (২৯)। তিনি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার চেঙ্গারচর ইউনিয়নের মীরপুর (বেপারী বাড়ি) গ্রামের শাহজাহানের ছেলে।
দাউদকান্দি (কুমিল্লা) : কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত তিন আসামীসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩ বছরের সাজাপ্রাপ্ত ২ জন, ২ বছরের সাজাপ্রাপ্ত ১ জন এবং সাধারণ পরোয়ানাভুক্ত ১ জন আসামী রয়েছেন। তারা হলেন ৩ বছরের সাজাপ্রাপ্ত মো. আবু সুফিয়ান (পিতা- মৃত আঃ মালেক মিয়া, সাং- ভাজরা) এবং মো. রাসেল (পিতা- মৃত নাসির মিয়া, সাং- কামাইরকান্দি)। তারা জিআর নং-৩৪/২০ মামলার সাজাপ্রাপ্ত আসামী।২ বছরের সাজাপ্রাপ্ত মো. জহিরুল ইসলাম (পিতা- দৌলত মুন্সি, সাং- হাড়িয়াল)। তিনি সিআর নং-৫৮৪/২৩ মামলার সাজাপ্রাপ্ত আসামি। পরোয়ানাভুক্ত আসামি মো. শাওন (২৪) (পিতা- মনির হোসেন, সাং- দক্ষিণ হরিপুর)। তিনি জিআর-১৩০/২৪ মামলার পরোয়ানাভুক্ত আসামি।
ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুর উপজেলার যুগিহোদা গ্রাম থেকে বিপুল পরিমান ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে মাদক বিক্রির টাকা ও বহনকারী ৩ টি মোটরসাইকেল। শনিবার সকালে উপজেলার যুগিহুদা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- ওই গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী লাইলি বেগম, ছেলে লিমন হাসান ও পার্শবর্তী জলিলপুর গ্রামের মেহেদি হাসান জিসান।