পবিত্র রমযানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন লক্ষ্মীপুর। অভিযানে চারটি প্রতিষ্ঠানকে মোট ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সম্প্রতি জেলা শহরের তরকারি বাজার, মাছ বাজার সহ চকবাজারে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মূল্যতালিকা প্রদর্শন না করা, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণে অনিয়ম এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকার অভিযোগে কৃষি বিপণন আইনে চারটি প্রতিষ্ঠানকে মোট ৪১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদা আক্তার সূচনা, সোহানা খন্দকার ও জান্নাতুল ছিদ্দিকা। এ সময় বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। বিশেষ করে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার নির্দেশনা দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টানাতে হবে এবং ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ করতে হবে। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।