চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার আলোচিত আকাশ দাশ হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী নাজমুল হুদাকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ ও র‌্যাব-১৩-এর যৌথ আভিযানিক দল। গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা এলাকা থেকে গত ২৭ ফেব্রুয়ারি গভীর রাতে তাকে আটক করা হয়। নাজমুল হুদা কুড়িগ্রাম সদর উপজেলার পাঠানপাড়া এলাকার হাকিম মাঝির ছেলে।

র‌্যাব সূত্র জানায়, গত ২৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটে পাহাড়তলী থানাধীন বিটাক এসটেক প্লাস্টিক ফ্যাক্টরি এলাকায় আকাশ দাশ (২৬) নামের এক যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যায় একদল সন্ত্রাসী। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নৃশংস এ হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।