গাজীপুরে অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ছয়জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অভিযানে অবৈধ মাটি পরিবহনে ব্যবহৃত একটি ড্রাম ট্রাকও আটক করা হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে গাজীপুর সদর উপজেলার কারখানা বাজার এলাকার কাউলতিয়া ও পিরুজালী এলাকায় টানা তিন রাত ধরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন খান এলিস।
অভিযানকালে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের দায়ে ৬ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত থাকায় ঘটনাস্থল থেকে একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়। সাজাপ প্রাপ্তরা হলো-নেত্রকোনার পূর্বধলা এলাকার বিকুনিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে মোঃ আনোয়ার হোসেন, গাজীপুরের ফিরোজ আলী এলাকার আজারুল হকের ছেলে মোঃ অনিক, একই এলাকার আসানের ছেলে মোঃ তারেক, গাজীপুরের কালিয়াকৈর থানার ঠাকুরপাড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে মোঃ জামাল উদ্দিন, কালিয়াকৈরের পলাশতলি এলাকার আনিস উদ্দিনের ছেলে মোঃ আব্দুল হক ও গাজীপুর সদর উপজেলার ফিরোজ আলী এলাকার মোহাম্মদ আলীর ছেলে মোঃ রিয়াজ।