আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী (অব.) ও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ। গতকাল রোববার প্রসিকিউশনের পক্ষ থেকে এই দুই কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।
প্রসিকিউশন জানায়, আবেদনের পরিপ্রেক্ষিতে তাদেরকে ৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তাদের উপস্থিতিতে সেদিন গ্রেপ্তার দেখানো হবে সাবেক এই দুই সেনা কর্মকর্তাকে। ট্রাইব্যুনাল-২ এ প্রসিকিউশন পক্ষ মামুন খালেদের বিরুদ্ধে গুমের অভিযোগ এবং মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে হত্যার অভিযোগ এনে এই আবেদন করে।
ফের ৬ দিনের রিমান্ডে: এদিকে সিন্ডিকেটের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ ও মানবপাচারের গুরুতর অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে দ্বিতীয় দফায় ছয়দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল পাঁচদিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এসময় তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে আরও সাতদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আবেদন আংশিক মঞ্জুর করে ছয়দিনের রিমান্ডের আদেশ দেন। পল্টন থানা আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা ও পুলিশের উপ-পরিদর্শক রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ২৩ মার্চ দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন ২৪ মার্চ একই মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। সিন্ডিকেটের মাধ্যমে প্রায় ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় মামলাটি দায়ের করেন আফিয়া ওভারসিজের স্বত্বাধিকারী আলতাব খান। এছাড়া জুলাই আন্দোলনে মিরপুর মডেল থানার দেলোয়ার হত্যা মামলায় মামুন খালেদকে পাঁচ দিনের রিমান্ড দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। তাকে রিমান্ড হেফাজতে জিজ্ঞাসাবাদ অব্যহত আছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, মামুন খালেদ ইতোমধ্যে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এগুলো পর্যালোচনা করা হচ্ছে। আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে তাকেও ফের রিমান্ডের জন্য আবেদন করা হতে পারে।