রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মৌচাক মার্কেটের দিকে ফেরার পথে শিশু অপহরণের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে র্যাব। তারা জানায়, ডাক্তার দেখিয়ে শিশু হিসান রহমানকে (৩) নিয়ে একটি অটো রিকশায় উঠেন ভুক্তভোগীর মা সুমাইয়া। রিকশায় কিছুদূর যাওয়ার পর হিসান তার মার কাছে পানি পান করতে চাইলে তাকে রিকশায় রেখে পানি আনতে যান তিনি। এই সুযোগে হিসানকে নিয়ে পালিয়ে যান রিকশাচালক চাঁন মিয়া। র্যাব জানায়, রিকশাচালক শিশুটিকে অপহরণের পর নিকটাত্মীয় আজাদ নামে এক ব্যক্তির মাধ্যমে ভুক্তভোগীকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে তার নিজ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য হস্তান্তর করে।
এ ঘটনায় জড়িত থাকায় মোট ৪ জনকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতাররা হলেন- অপহরণকারী মো. চাঁন মিয়া, তার বাবা মো.নূর মোহাম্মদ ও মা চাঁন মালা এবং মোসাম্মদ কুলসুম বেগম।
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত মুগদা হাসপাতাল থেকে শিশুকে অপহরণের ঘটনায় শিশুকে উদ্ধার এবং মূল অপহরণকারী গ্রেফতার সংক্রান্ত এক সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে এসব বলেন র্যাবের মুখপাত্র (উইং কমান্ডার) এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, গত ২৯ জানুয়ারি রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশুটিকে অপহরণের ঘটনায় ভিকটিম হিসানকে উদ্ধার এবং অপহরণকারী মো. চাঁন মিয়াসহ ৪ জন আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
ঘটনার বিবরণ তুলে ধরে তিনি বলেন, ভুক্তভোগী শিশু হিসানের মা সুমাইয়া আক্তার রাজধানীর দক্ষিণগাঁও সবুজবাগ থানা এলাকায় বেশ কিছুদিন যাবৎ বসবাস করে আসছেন। সুমাইয়া আক্তারের স্বামী গত ১২ বছর যাবৎ প্রবাসে থাকায়, তার তিন সন্তানকে নিয়ে তিনি (সুমাইয়া) নিজেই বাড়ির যাবতীয় কার্যক্রম পরিচালনা করে থাকেন। গত ২৮ জানুয়ারি বেলা ১১টার দিকে ভিক্টিম সুমাইয়া ছেলে হিসান রহমানকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে যান। ডাক্তার দেখানো শেষে তিনি ছেলে হিসানকে নিয়ে মৌচাক মার্কেটের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার জন্য একটি অটোরিকশায় ওঠেন। রিকশায় কিছুদূর যাওয়ার পর হিসান তার মায়ের কাছে পানি পান করতে চাইলে ভুক্তভোগীর মা সুমাইয়া আক্তার তাকে রিকশায় রেখে পানি আনতে যান এবং এসে দেখেন রিকশাচালক শিশুটিকে নিয়ে পালিয়েছেন। এরপর ওই এলাকায় ভুক্তভোগীর মা সুমাইয়া অনেকক্ষণ খোঁজখবর করে না পেয়ে ২৯ জানুয়ারি বাদী হয়ে মুগদা থানায় একটি মামলা দায়ের করেন।