ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে আজ শুক্রবার নির্ধারিত সময়েই ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে আর কোনো আইনগত বাধা রইলো না।

গতকাল বৃহস্পতিবার হাইকোর্টের বিচারক এ আদেশ দেন।

এর আগে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে পরীক্ষার্থীদের পক্ষে গত বুধবার একটি রিট দায়ের করেন অ্যাডভোকেট নাজমুস সাকিব। রিটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে পরীক্ষা আয়োজনকে চ্যালেঞ্জ জানানো হয় এবং পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের বিষয়টি উল্লেখ করা হয়।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) রিটের বিরোধিতা করে জানায়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের ব্যবস্থা নেয়া হয়েছে।

হাইকোর্ট রিটটি খারিজ করে দেয়ায় পিএসসির পূর্বঘোষিত সূচি অনুযায়ীই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত হওয়া গেছে।

পিএসসি বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আজ শুক্রবার ৩০ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে অনুষ্ঠিত হবে। পরীক্ষা কেন্দ্রগুলো হলো- ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ।

এর আগে গত বছরের ২৬ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৪ ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে শেষ হয় ৩১ ডিসেম্বর।

পিএসসি সূত্রে জানা গেছে, এবার বিপুল সংখ্যক প্রার্থী এ বিসিএসে আবেদন করেছেন।

পিএসসি জানিয়েছে, পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইট (িি.িনঢ়ংপ.মড়া.নফ) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (যঃঃঢ়://নঢ়ংপ.ঃবষবঃধষশ.পড়স.নফ)-এ প্রকাশ করা হবে।

পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত থাকা এবং পিএসসির নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।