চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় র্যাব সদস্য ডিএডি আব্দুল মোতালেব হত্যা মামলায় পৃথক অভিযানে আরও ২০ জন পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে র্যাব-৭ চট্টগ্রাম ১৩ জন এবং জেলা পুলিশ ৭ জনকে আটক করে।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গত ২৭ মার্চ র্যাব-৭ ও র্যাব-১১ নারায়ণগঞ্জের যৌথ অভিযানে নোয়াখালীর কবিরহাট থানার নবগ্রাম এলাকা থেকে মামলার ২৯ নম্বর আসামি মো. পারভেজ (৩৫) গ্রেপ্তার হয়। একই দিনে নগরীর পাহাড়তলী থানার উদালিয়া এলাকা থেকে মো. বেলাল (৩০) এবং বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ বাংলাবাজার এলাকা থেকে সাইদুল ইসলামকে (২৬) আটক করা হয়।
এর আগে ধারাবাহিক অভিযানে গত ২৩ মার্চ সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকা থেকে মিজানুর রহমান সোহান (১৯), ১৫ ফেব্রুয়ারি দক্ষিণ কাট্টলী থেকে মো. সেলিম (৩৫), ১০ ফেব্রুয়ারি চান্দগাঁওয়ের ফরিদার পাড়া এলাকা থেকে সেকেন্দার মিয়া ওরফে ইয়াকুব (৪৩) এবং ২২ জানুয়ারি বায়েজিদ বোস্তামী এলাকার ইকবাল কনভেনশন হল সংলগ্ন এলাকা থেকে ইউনুছ আলী হাওলাদার (৬২) গ্রেপ্তার হন।
পরবর্তীতে ইউনুছ আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে পতেঙ্গা থানার ওয়াসা গলি এলাকা থেকে মামলার ২৬ নম্বর আসামি খন্দকার জাহিদ হোসেন (৩৯) কে আটক করা হয়।
এছাড়া গত ২৪ থেকে ২৯ জানুয়ারির মধ্যে র্যাব-৭ চট্টগ্রাম ও র্যাব-১৫ কক্সবাজারের যৌথ অভিযানে কক্সবাজার সদর, খুলশী, বায়েজিদ বোস্তামী, সীতাকু- ও আকবরশাহ থানা এলাকায় অভিযান চালিয়ে আরও কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে আলীরাজ হাসান সাগর (২৮), মো. মিজান (৫৩), মো. মামুন (৩৮), মো. শহাজাহান (৫৩) এবং শফিকুল ইসলাম ওরফে মাস্টার শফিকুল ইসলাম (৫১) রয়েছেন।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে অভিযান চালালে দুষ্কৃতিকারীরা র্যাব সদস্যদের ওপর আকস্মিক হামলা চালায়। এতে চারজন র্যাব সদস্য আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ডিএডি আব্দুল মোতালেবকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় র্যাব -৭ চট্টগ্রাম বাদী হয়ে ২২ জানুয়ারি সীতাকুণ্ড থানায় ২৯ জনকে নামীয় এবং ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্তে ধারাবাহিক অভিযানে এখন পর্যন্ত ২০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।