জ্ঞাত আয় বর্হিভুত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন মামলায় ঝিনাইদহ জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান বিশ্বাস রানু এবং কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুর বিরুদ্ধে র্চাজসীট দাখিল হয়েছে। সম্প্রতি ঝিনাইদহ জেলা দুর্নীতি অফিস এই চার্জসীট প্রদান করে। এছাড়া শিক্ষক নিবন্ধন সনদ জালিয়াতির একটি মামলায় ফাতেমা খাতুনকে জাল সার্টিফিকেটে নিয়োগ দেওয়ার দায়ে সরকারী মাহতাব উদ্দীন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ মন্ডলের বিরুদ্ধে র্চাজসীট দাখিল করেছে দুদক।

দুদক ও ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালত সূত্রে জানা গেছে, শহরের আরাপপুর সিটি কলেজ পাড়ার বজলুর রহমান বিশ্বাসের ছেলে ঝিনাইদহ জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি রোকনুজ্জামান বিশ্বাস রানু সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন করেন। দুর্নীতি দমন কমিশনের সাবেক সহকারী পরিচালক মোশাররফ হোসেন অভিযোগের সত্যতা পেয়ে তদন্ত শেষে ২০০৪ সালের ২৬(২) ও ২৭(১) ধারা তৎসহ মানি লন্ডারিং আইন প্রতিরোধ আইনের ২০১২ এর ৪(২) ধারামতে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতে ২০২৫ সালে চার্জসীট দাখিল করেন, যার মামলা নং দুদক-১ ও স্পেশাল ট্রাইব্যুনাল ২/২২।

এদিকে ২০১০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত অনুসন্ধান চালিয়ে কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া গ্রামের হাফিজ উদ্দীন বিশ্বাসের ছেলে সাবেক মেয়র আ’লীগ নেতা মোস্তাফিজুর রহমান বিজুর বিরুদ্ধে কালো টাকা সাদা করা ও জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের সত্যতা পান। তদন্ত কর্মকর্তা ২০০৪ সালের ২৭(১) তৎসহ মানি লন্ডারিং আইন প্রতিরোধ আইনের ২০১২ এর ৪(২) ধারামতে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতে চার্জসীট দাখিল করেন, যার মামলা নং স্পেশাল ৩/২১। মামলাটি গত ৮ এপ্রিল ১৩২৪ নং স্মারকে বিচারের জন্য যশোর আদালতে পাঠানো হয়েছে।