চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিতে অসংগতি ধরা পড়ায় ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গত ৯ এপ্রিল জেলার সদর উপজেলার হাটকালুগঞ্জ, ভালাইপুর ও সরোজগঞ্জ বাজারে সকাল সাড়ে ১০ থেকে বেলা আড়াইটা পর্যন্ত তদারকিতে ব্যবসায়ীদের ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, বোতলজাত ভোজ্য তেলের (সয়াবিন) দাম নির্ধারিত মূল্য হতে বেশী মূল্যে বিক্রি করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় এবিএম স্টোরের স্বত্বাধিকারী আব্দুল মান্নানকে ৫ হাজার টাকা ও ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য বিক্রির তালিকা প্রদর্শন না করায় হাসান স্টোরের স্বত্বাধিকারী হাসানকে ৩৮ ধারায় ৫ হাজার টাকা এবং জ্বালানী তেল পরিমাপে কম দেয়ায় সরোজগঞ্জের মেসার্স মনিরুল ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মনিরুল ইসলামকে ৪৮ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এ সময় আইন মেনে মান সম্মত পণ্য কেনাবেচা,ভাউচার সংরক্ষণ, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি না করা এবং নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি করার জন্য নির্দেশনা দেয়া হয়।

তদারকি পরিচালনা কাজে সহযোগীতা করেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এ তদারকি অব্যাহত থাকবে বলে তিনি জানান।