সাতকানিয়া উপজেলায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে একটি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান।

গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের উত্তর সাতকানিয়া এলাকায় জাফর আহমেদ কলেজের পাশের ‘এসবিএল’ নামের ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশবিধি লঙ্ঘন করে কৃষিজমির উর্বর টপসয়েল কেটে ওই ইটভাটায় ব্যবহার করা হচ্ছিল। এতে একদিকে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, অন্যদিকে জমির প্রাকৃতিক গঠন নষ্ট হয়ে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পরিবেশবিদদের মতে, এভাবে মাটি কাটার ফলে জমির উর্বরতা দ্রুত কমে যায় এবং পানি ধারণক্ষমতা হ্রাস পায়। দীর্ঘমেয়াদে ওই জমি অনাবাদি হয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়। পাশাপাশি আশপাশের এলাকায় ভূমিক্ষয়, জলাবদ্ধতা ও ধূলাবালুর কারণে বায়ুদূষণ বাড়ছে, যা স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, কৃষিজমির মাটি কেটে পরিবেশের ক্ষতি করা সম্পূর্ণ বেআইনি।