সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের ২০২৬-২০২৭ বর্ষের কমিটির নির্বাচন আজ বুধবার শুরু হবে। আগামী কালও ভোট গ্রহণ চলবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। পদগুলো হলো- একজন সভাপতি, দুজন সহ-সভাপতি, একজন সম্পাদক, একজন কোষাধ্যক্ষ, দুজন সহ-সম্পাদক এবং সাতজন সদস্য।
তফসিল অনুযায়ী, গত ২৮ এপ্রিল বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয় এবং ওই দিনই বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে আওয়ামী সমর্থকরা না থাকায় মূলত লড়াই হবে সরকার সমর্থক এবং বিরোধীদলের সমর্থকদের মধ্যে।
জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেলে সভাপতি পদে আবদুল বাতেন; দুটি সহ-সভাপতি পদে আব্দুল হক ও মইনুদ্দিন ফারুকী; সম্পাদক পদে এ কে এম রেজাউল করিম খন্দকার; কোষাধ্যক্ষ পদে এস এম জাহাঙ্গীর আলম; দুটি সহ-সম্পাদক পদে মো. তারিকুল ইসলাম ও যোবায়ের আহমদ ভুইয়া প্রার্থী হয়েছেন।
৭টি সদস্য পদে আজিম উদ্দিন পাটোয়ারী, ফারজানা খানম, ইসরাত জাহান অনি, মো. ফয়েজউল্লাহ, মো. জুবায়ের তৈয়্যেব, মাহমুদুল হাসান ও মোহাম্মদ নঈম উদ্দিন লিংকন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিএনপি সমর্থিত জাতীয়তবাদী আইনজীবী ফোরামের প্যানেলের সভাপতি পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন; দুটি সহ-সভাপতি পদে মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান; সম্পাদক পদে মোহাম্মদ আলী; কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান; দুটি সহ-সম্পাদক পদে মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাতটি সদস্য পদে এ কে এম আজাদ হোসেন, এইচ এম সানজিদ সিদ্দিকী, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া, রিপন কুমার বড়ুয়া ও ওয়াহিদ আফরোজ চৌধুরী প্রার্থী হয়েছেন।
এনসিপি সমর্থিতরা আংশিক প্যানেল দিয়েছেন। এর মধ্যে সম্পাদক পদে আজমল হোসেন বাচ্চু, সহ-সম্পাদক পদে মোস্তফা আসগর শরীফী এবং সদস্য পদে আমিনা আক্তার লাভলী, কাজী আকবর আলী, মো. বনি আমিন ও মাজহারুল ইসলাম প্রার্থী হয়েছেন।
প্যানেলের বাইরে সভাপতি পদে ইউনুছ আলী আকন্দ, সম্পাদক পদে ফরহাদ উদ্দিন ভুইয়া, মো. আবু ইয়াহিয়া দুলালসহ আরো কয়েকজন প্রার্থী রয়েছেন।
নির্বাচন পরিচালনার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে নির্বাচন উপ-কমিটি গঠন করা হয়েছে। এই নির্বাচনে প্রায় ১১ হাজার ৯৭ জন আইনজীবী ভোটার হিসেবে নিবন্ধিত রয়েছেন।